যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জনপ্রিয় চলচ্চিত্র ‘রকি’র প্রধান চরিত্র রকি বালবোয়ার সাজে জড়ো হয়েছিলেন ৫৭০ জন। ধূসর ট্র্যাকস্যুট, কালো টুপি ও কালো জুতা পরে তারা গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গত ১৩ নভেম্বর ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে এ আয়োজন করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে ভাঙল আগে গড়া ২৫০ জনের রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি অ্যান্ডি গ্লাস অংশগ্রহণকারীদের পোশাক যাচাই করে ৫৭০ জনের রেকর্ড নিশ্চিত করেন। নির্ধারিত পোশাকের শর্ত পূরণ না করায় কয়েকজনকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হয়।

‘রকি’ সেজে ৫৭০ জন ভক্তের গিনেস রেকর্ড

১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘রকি’ চলচ্চিত্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। ছবিতে রকি বালবোয়া চরিত্রে অভিনয় করেন সিলভেস্টার স্ট্যালোন। ছবির একটি বিখ্যাত দৃশ্যে তাকে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের ৭২টি সিঁড়ি বেয়ে দৌড়ে উঠতে দেখা যায়। সেই দৃশ্য পরে শহরটির অন্যতম পরিচিত আকর্ষণে পরিণত হয়।

রেকর্ড নিশ্চিত হওয়ার পর ৫৭০ জন অংশগ্রহণকারীও একসঙ্গে সেই সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠেন। পরে রকির ভাস্কর্যের সামনে তোলেন দলীয় ছবি।

চলচ্চিত্রটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফিলাডেলফিয়ায় মাসব্যাপী নানা আয়োজন চলছে। এর মধ্যে রয়েছে রকির নামে দৌড় প্রতিযোগিতা, চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য ঘিরে অনুষ্ঠান এবং ভক্তদের জন্য বিশেষ আয়োজন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস