নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবলের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।
নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন।”

ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা তারেক বলেন, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।